চুনারুঘাট থেকে ১০ লক্ষ টাকার গাছসহ এক বনদস্যুকে গ্রেফতার
হবিগঞ্জ প্রতিনিধিঃ র্যাব-৯ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুনারুঘাট থানার রেমা কালেঙ্গা বনের ভিতর গাছ কাটা অবস্থায় ১১ই ফেব্রুয়ারী শনিবার দুপুর ০২.০০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে ০২ টি বল্লম, ০১টি রামদা, ০১ টি দা ও ০১ টি করাতসহ বনদস্যু মোঃ আব্দুর রউফ (৩২), পিতা- আব্দুল গফুর, স্থায়ী গ্রাম- বাসুল্লা, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং সাতছড়ি রেঞ্জের গাছ কাটার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামী আরও জানায় যে, সে ও তার বাহিনীর সদস্যরা মূলত আব্দুল খালেক ও নূর বাহিনীর ছত্রছায়ায় সাতছড়ি রেঞ্জের বনের গাছ কেটে থাকে। এই বনদস্যু বাহিনীর সকল সদস্যের নামে চুনারুঘাট থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামী ও তার বাহিনী এই কাজের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে ।
গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করলেও এসব বনদস্যুদের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। র্যাব-৯, সিপিসি-১, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এসব বনদস্যুদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে সদা তৎপর। পরিবেশের ভারসাম্য রক্ষায় র্যাব এসব বনদস্যুদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখবে।
গ্রেফতারকৃত বনদস্যুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।
কোন মন্তব্য নেই