বগুড়া শেরপুরে গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার।
সোমবার (২১মার্চ) দিনগত রাত সাড়ে দশটার দিকে শহরের সকাল বাজারস্থ তেঁতুলতলা এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক হওয়া বিটল ভৌমিক পৌরশহরের উত্তরসাহা পাড়া মহল্লার দেবেন সরকারের ছেলে। উক্ত ঘটনায় মঙ্গলবার ২২মার্চ/২০২২ইং দুপুরে ভুক্তভোগী ওই গৃহবধূ বাদি হয়ে থানায় একটি মামলা করেছেন (নং ৩৪) ।
অভিযোগে জানা যায়, শহরের ঘোষপাড়াস্থ রাধা গোবিন্দ মন্দির প্রাঙণে টাউন বারোয়ারি হরিবাসর কমিটি সাতদিন ব্যাপি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। ঘটনার রাতে ওই অনুষ্ঠানে যান উত্তর সাহাপাড়া এলাকার এক নারী। একপর্যায়ে সকাল বাজার তেঁতুলতলা নামক স্থানে প্রসাদ গ্রহণ করছিলেন তিনি। কিন্তু লম্পট বিটল ভৌমিক পেছন থেকে ওই নারীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন চালায়। এসময় ওই গৃহবধূর চিৎকারে অনুষ্ঠানে উপস্থিত লোকজন এগিয়ে এলে বিটল ভৌমিক দৌঁড়ে পালানোর চেষ্টা চালান। পরে তাকে ধাওয়া দিয়ে আটক করেন বিক্ষুব্ধ জনতা। সেইসঙ্গে কিছু উত্তম-মধ্যম দিয়ে আটক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়। শেরপুর টাউন ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাম্মাক হোসেন বলেন, যৌন নিপীড়নের শিকার ওই নারী বাদি হয়ে ২০০০সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে শেরপুর থানায় মামলা করেছেন। মামলাটির তদন্ত চলছে। এছাড়া আটক ব্যক্তিকে মঙ্গলবার দুপুরেই বগুড়ায় আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
.png)
কোন মন্তব্য নেই