ধুনটে কুয়াচ্ছন্ন রাতে দোকানের মালামাল লুট
ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে হালকা কুয়াশাচ্ছন্ন গভীর রাতে দোকানের মালামাল লুটের ঘটনা ঘটেছে। দোকানের পাশে ট্রাক থামিয়ে দূর্বৃত্তরা এ লুটের ঘটনা ঘটায় বলে ধারনা করা হচ্ছে। মঙ্গলবার দিবাগত রাতে কালেরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এঘটনায় বুধবার ক্ষতিগ্রস্থ ওই ব্যবসায়ী ধুনট থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করেছেন।
জানাযায়, কালেরপাড়া গ্রামের ব্যবসায়ী মনিরুল আলম প্রতিদিনের ন্যায় মঙ্গলবার দিবাগত রাত ১১টায় তার দোকান ঘর বন্ধ করে বাড়িতে ঘুমাতে যায়। পরদিন বুধবার সকালে দোকান খুলতে গিয়ে দেখেন তালা ভেঙ্গে ৬২টি গ্যাস ভর্তি সিলিন্ডার, ৮ লিটার সয়াবিন তেল, ৩০০ প্যাকেট সিগারেট সহ অন্যান্য সামগ্রী লুট হয়ে গেছে।
এ বিষয়ে ব্যবসায়ী মনিরুল আলম বলেন, কয়েকজন ব্যক্তি গভীর রাতে রাস্তার পাশে ট্রাক থামিয়ে কিছু লোককে কাজ করতে দেখে মনে করেছেন হয়তো দোকানের মালামাল লোড আনলোড করা হচ্ছে। সেই সময় তারা লুটের বিষয়টি বুঝতে পারেনি। এ ঘটনায় ধুনট থানায় একটি জিডি দায়ের করেছি।
এবিষয়ে ধুনট থানার এসআই আসাদুজ্জামান বলেন, ব্যবসায়ীর দোকানে লুট সংক্রান্ত অভিযোগটি তদন্ত করা হচ্ছে।

কোন মন্তব্য নেই