Header Ads

ad728
  • Breaking News

    ফের পেছাল চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন

    আগামী ১৮ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে না। মহানগরীর ইউনিট, ওয়ার্ড ও থানা সম্মেলন হওয়ার পরেই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। 

    চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ১৩২টি ইউনিটের মধ্যে ১২৪টি ইউনিটের সম্মেলন ইতোমধ্যে শেষ হয়েছে। ৪৩ সাংগঠনিক ওয়ার্ড কমিটির মধ্যে মাত্র তিনটির সম্মেলন হয়েছে। মহানগরীর ১৫টি থানা কমিটির মধ্যে এখনো একটিও সম্মেলন হয়নি।

    এ বিষয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘নানা কারণে মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড ও থানা সম্মেলন এখনো শেষ করা যায়নি। সে কারণে সম্মেলনের তারিখ আবারো পেছানো হয়েছে।’

    তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে গত শনিবার রাতে চট্টগ্রামে এসেছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তাঁদের সঙ্গে মহানগর আওয়ামী লীগের সম্মেলন বিষয়ে আলাপ হয়েছে। আলাপকালে কেন্দ্রীয় নেতারা ওয়ার্ড ও থানার সম্মেলন আগে শেষ করার নির্দেশনা দিয়েছেন। এরপর মহানগর আওয়ামী লীগের সম্মেলন করতে বলেছেন। সেই অর্থে পূর্বনির্ধারিত ১৮ ডিসেম্বর মহানগর আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে না।’

    মহানগর আওয়ামী লীগের সম্মেলন কবে হতে পারে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা অনুযায়ী জাতীয় সম্মেলনের আগে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন করা যাবে না। এরই মধ্যে ওয়ার্ড ও থানা কমিটির সম্মেলন শেষ করতে হবে।’

    এর আগে, গত ২৬ অক্টোবর চট্টগ্রাম সার্কিট হাউজে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মহানগরীর ১৫ থানার সাংগঠনিক টিমের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ৪ ডিসেম্বর মহানগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী জনসভার তারিখ নির্ধারণ করা হয়। সেই কারণে প্রথম দফায় সেই তারিখ পিছিয়ে যায়।  

    পরবর্তীতে ৯ নভেম্বর চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাথে যৌথসভায় যোগ দেন চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। 

    এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে জনসভায় আসবেন। সেই কারণে ৪ ডিসেম্বরের সম্মেলন হবে না। আগামী ১৮ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন হবে। তবে এর আগে ওয়ার্ড ও থানা কমিটির কাজও শেষ করার নির্দেশনা দিয়েছিলেন তিনি।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728