অন্ধকার যুগে বাস করছি: দুদু
এখন অন্ধকার যুগে বাস করছেন বলে মনে করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিচতলায় জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ দলটির অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
দুদু বলেন, ‘দেশে গণতন্ত্র না থাকলে মানুষের অধিকার থাকে না, তখন মগের মুল্লুকের মত যা মনে চায়, তাই করা যায়। আর এই সরকার তাই করছে।
‘সেজন্য এই শাসনব্যবস্থাকে উল্টায় দিতে হবে, পরিবর্তন করতে হবে। আমরা এখন একটা অন্ধকার যুগে বাস করছি। এই অন্ধকার থেকে দেশকে সভ্যতায় ফিরিয়ে আনতে হবে।’
তিনি বলেন, ‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করছি, গণতন্ত্র, স্বাধীনতার মুক্তির দাবি করছি। আমাদের চাওয়ার সবচাইতে বড় জায়গা হচ্ছে মহান রাব্বুল আলামিন। তার কাছে আমরা চাইবো। কিসের জন্য চাইবো? গণতন্ত্র, স্বাধীনতার মুক্তি চাইবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ যারা অসুস্থ আছেন তাদের রোগ মুক্তি চাইবো।’
কৃষকদলের সাবেক এই আহ্বায়ক বলেন, ‘দেশে এত পরিমাণ দুর্নীতি, হামলা মামলা অত্যাচার চলছে যে এর আগে কোনদিন এরকমটা হয় নাই। আমাদেরকে উদ্যোগী হতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। রাস্তায় নামতে হবে। তাহলে দেশে গণতন্ত্র ফিরে আসবে।’
সবাইকে উদ্যোগী হতে হবে জানিয়ে ছাত্রদলের সাবেক সভাপতি দুদু বলেন, ‘বাংলাদেশের সবাইকে এক জায়গায় দাঁড়াতে হবে, সেটা হবে গণতন্ত্রের স্বপক্ষে। গণতন্ত্র না থাকলে দুর্নীতি হয়, গণতন্ত্র না থাকলে হামলা মামলা নির্যাতন হয়।
‘অতীতে যেমন শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া দেশকে যেমন অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে এনেছিলেন, তেমনি বর্তমান তারেক রহমানের নির্দেশে এই অন্ধকার থেকে এই দেশ ও জাতিকে আলোয় ফিরিয়ে আনতে হবে।’
সংগঠনের আহ্বায়ক মাওলানা শাহ মোহাম্মাদ নেছারুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওলানা নজরুল ইসলামের সঞ্চালনায় দোয়া মাহফিলে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ওলামা দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কাজী সেলিম রেজা, কৃষকদলের সাবেক নেতা শাহজাহান মিয়া সম্রাট, মিয়া মোহাম্মাদ আনোয়ার, ওলামা দলের নেতা শাহ মোহাম্মাদ মাসুম বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/ সি-প

কোন মন্তব্য নেই