ব্যবসায়ীদের বিশ্বাস করা ভুল ছিল: বাণিজ্যমন্ত্রী
ডেস্ক রিপোর্টঃ ভোজ্যতেলের দাম না বাড়ানো এবং সরবরাহ স্বাভাবিক রাখতে অনুরোধের পরও ব্যবসায়ীরা কথা রাখেননি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
এ ক্ষেত্রে ব্যবসায়ীদের বিশ্বাস করা ভুল ছিল বলেও মন্তব্য করেছেন তিনি। বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সোমবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘আমরা ব্যবসায়ীদের বিশ্বাস করেছিলাম। এটাই আমাদের ব্যর্থতা।
‘বিশ্বাস করা ভুল হয়েছে, কিন্তু ছোটবেলা থেকেই আমরা শিখেছি মানুষকে বিশ্বাস করতে হয়।
ওই সময় মন্ত্রী খুচরা ও পাইকারি পর্যায়ের অনেক ব্যবসায়ী পরিস্থিতির সুযোগ নিচ্ছন বলে দাবি করেন, তবে মিল মালিকদের নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
তেলের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সত্য যতই কঠিন হোক, তা মেনে নিতে হবে। আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় দেশে তেলের মূল্যবৃদ্ধির বাস্তবতা মেনে নিন।
টিপু মুনশি বলেন, ‘কোথায় কোথায় কারসাজি হয়েছে, কোথায় সমস্যা হয়েছে, তা ইতোমধ্যে চিহ্নিত। চিহ্নিত ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
‘এ ছাড়া যখন যেখানে প্রয়োজন, সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং হবে। প্রয়োজনে র্যাবের সহযোগিতা নেয়া হবে।
তেলের উচ্চ মূল্যে দরিদ্র মানুষকে সুরক্ষা দিতে সরকার নতুন উদ্যোগ নিচ্ছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, মূল্যস্ফীতির চাপ এড়াতে সরকার টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে জুন মাসে আবারও এক কোটি দরিদ্র পরিবারকে সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেলসহ অন্যান্য পণ্য সরবরাহ করবে।
প্রেক্ষাপট রাজধানীর বাজারগুলোতে ঈদের আগে থেকে মিলছে না সয়াবিন তেল। দোকানের পর দোকান ঘুরে তেল পাচ্ছেন না ক্রেতারা। কিছু কিছু ক্ষেত্রে তেল পাওয়া গেলেও দিতে হয়েছে বাড়তি মূল্য।
গত বৃহস্পতিবার বাণিজ্য সচিবের সঙ্গে মিল মালিকদের বৈঠকের পর সয়াবিন ও পাম অয়েলের দাম নির্ধারণ করে সরকার। সে অনুযায়ী ভোক্তা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৮ ও খোলা প্রতি লিটার ১৮০ টাকায় বিক্রি হবে। আর পাম অয়েল বিক্রি হবে ১৭২ টাকা লিটার।
এর আগে বোতলজাত এক লিটার সয়াবিনের দর ছিল ১৬০ টাকা। আর খোলা তেল ছিল ১৩৬ টাকা লিটার। অর্থাৎ আগের চেয়ে বোতলজাত সয়াবিন তেলে লিটারপ্রতি ৩৮ টাকা ও খোলা তেলে ৪৪ টাকা বেড়েছে।
পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৮৫ টাকা, যা আগে ছিল ৭৬০ টাকা।
তেলের এ মূল্যবৃদ্ধির পরও সরবরাহ সংকট কাটেনি। ব্যবসায়ীরা জানিয়েছেন, চলতি সপ্তাহে দোকানগুলোতে মিলতে পারে সয়াবিন।
.jpg)
কোন মন্তব্য নেই