শাজাহানপুরে কিশোরের লাশ উদ্ধার
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরের একটি কচুক্ষেত থেকে ফাহিম ফয়সাল শিশির (১৭)নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার সাজাপুর গ্রামের বানারশি চড়া এলাকার একটি কচু ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সোমবার রাত থেকে নিখোঁজ ছিল ফাহিম।
নিহত ফাহিম সাজাপুর ফকিরপাড়া গ্রামের শাহাদাৎ হোসেন সাজুর ছেলে। সে বগুড়া সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে এসআই শামীম জানান, সোমবার রাত ১০ টা পর্যন্ত ফাহিমকে গ্রামে ঘুরাফেরা করতে দেখা গেছে। এরপর তাকে আর গ্রামে দেখা যায়নি। পরবর্তীতে মঙ্গলবার সকালে কচুক্ষেতে ফাহিমের মরদেহ পায় স্থানীয়রা। পরে তাদের খবরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এসআই শামীম আরও জানান, ফাহিমের শরীরে ছোট ছোট অনেক ক্ষত রয়েছে। তাকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে।
নিহতের মা শাপলা বেগম জানান, রাত প্রায় বারটা সে সময় তিনি নামাজ পড়ছিলেন, তখন ফাহিম বাড়ির ছাদে মোবাইল ফোনে কথা বলছিল। তাকে ঘুমাতে যাবার কথা বলে তিনি নামাজ শেষ করে নিজ ঘরে ঘুমাতে যান। সকালে ঘুম থেকে জেগে ছেলের মৃত্যুর খবর শুনতে পান। নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশিদের কয়েকজন জানান, সোমবার রাতে সে বাড়র ছাদে মোবাইল ফোন কথা বলতে শুনেছেন। এসময় কেউ তাকে বারবার বাড়ির বাহিরে ডাকছিল। পরে বাড়ি থেকে সে বের হয়ে গিয়েছিল কি না তা তারা জানেন না। তারা আরো জানান, স্থানীয় কিছু কিশোরদের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
শাজাহানপুর থানার ওসি জানান, হত্যাকাণ্ডের কারণ জানতে ও জড়িতদের ধরতে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
.png)
কোন মন্তব্য নেই