বগুড়ায় ব্জ্রপাতে দিনমজুর নিহত,আহত ২
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃবৃষ্টিহীন বর্ষাকালে কাঙ্খিত বৃষ্টি ঝরার পূর্বেই বজ্রপাতে ঝরে গেল হোসেন আলী (৩০) নামে এক দিনমজুরের জীবন। এসময় আরো দুজন দিনমজুর গুরুতর আহত হন। আহতদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে গুমোট আবহাওয়ায় ধানের ক্ষেতে নিড়ানির কাজ করছিল তারা।ব্জ্রপাতে নিহত হোসেন আলী বগুড়া শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল বৈঠাপাড়া গ্রামের ইরফান আলী প্রামানিকের ছেলে। আহতরা হলেন- নিহত হোসেন আলীর বাবা ইরফান আলী ও অপর দিন মজুর ইয়াছিন আলী তালুকদার।
শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রউফ জানান, নিহত হোসেন আলী ও তার বাবা ইরফান আলীসহ চারজন দিনমজুর বৈঠাপাড়া গ্রামের বাবু মিয়া নামে এক ব্যক্তির ধানের জমিতে কাজ করছিলেন। এসময় বজ্রপাতে হোসেন আলী মারা যান এবং হোসেন আলীর বাবা ইরফান আলী ও ইয়াছিন তালুকদার নামে এক দিনমজুর গুরুতর আহত হন। অপর এক দিনমজুর সুস্থ রয়েছেন। আহতরা বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের হাতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য নেই