Header Ads

ad728
  • Breaking News

    নোয়াখালী আ.লীগে সেলিমই সভাপতি, সম্পাদকের নাম ঘোষণা করেননি কাদের

    দীর্ঘদিন ধরে সভাপতির দায়িত্বে থাকা এএইচএম খাইরুল আনম চৌধুরী সেলিমকে একই পদে রেখে নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে একাধিক প্রার্থী থাকায় সাধারণ সম্পাদক পদে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেননি তিনি। 

    সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই ঘোষণা দেন।

    তিনি বলেন, ‘সার্বিক অবস্থার বিবেচনা করে আমরা সভাপতির নাম ঘোষণা করছি। এখানে বিভক্তি আছে, তাই সাধারণ সম্পাদক হিসেবে কারো নাম ঘোষণা করছি না। নেতাকর্মীরা যদি ঐক্যমত্যে না পৌঁছায়, তাহলে আগামী ১৭ ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্ধারণ করা হবে।’ 

    এএইচএম খাইরুল আনম চৌধুরী সেলিম ২০১০ সালের এপ্রিল থেকে প্রথমে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, পরে সভাপতি এবং সর্বশেষ গত ১৪ মাস ধরে আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

    এবারের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহিন এবং আরেক যুগ্ম আহ্বায়ক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল।

    ফের সভাপতির দায়িত্ব পেয়ে খাইরুল আনম চৌধুরী সেলিম বলেন, ‘আমার প্রতি শেখ হাসিনা ও আমার নেতা ওবায়দুল কাদের আস্থা রেখেছেন। আমি সেই আস্থা থেকেই কাজ করে যাব। আগামীতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের জন্য কাজ করব। সব আসনে প্রধানমন্ত্রীর নৌকা জয়ী করতে কাজ করব।’

    সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    এদিকে সকাল থেকেই বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলনস্থলের উদ্দেশে আসা শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। পদপ্রত্যাশী নেতা ও তাদের কর্মী-সমর্থকদের পোস্টার, ব্যানার, ফেস্টুন ও শত শত তোরণে ছেয়ে গেছে পথঘাট।  

    ২০১৯ সালের ২০ নভেম্বর নোয়াখালী জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল। সেসময়  সভাপতি হিসেবে এ এইচ এম খায়রুল আনম চৌধুরী ও সাধারণ সম্পাদক হিসেবে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর নাম ঘোষণা করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

    কমিটি ঘোষণার পর থেকে দীর্ঘ সময় নানান ঘাত-প্রতিঘাত, সহিংসতা ও হতাহতের পর সেই কমিটি আর পূর্ণাঙ্গ করা হয়নি। পরে দুই বছরের মাথায় ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর খায়রুল আনম চৌধুরী সেলিমকে আহ্বায়ক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ খাঁন সোহেলকে যুগ্ম-আহ্বায়ক করে ৮৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728